ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে বিক্ষোভ করতে গিয়ে আটক হয়েছেন অভিনেতা ইমরান খানসহ চার শতাধিক মানুষ। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানসহ শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। অনুমতি ছাড়া রাজনৈতিক জমায়েত ঠেকাতে এ অভিযান চালানো হয়। দিনের শুরুতে একই স্থান থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন সমাজকর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থকেরা। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভের প্রতি সংহতি জানাতে অনুমতি ছাড়াই তারা সেখানে জড়ো হয়েছিলেন।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, একই দাবিতে দিল্লিতে চলমান আন্দোলন থেকেও তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর