মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনে ঘুরে বেড়ানো একটি কমলা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার আলোচনা। যাত্রীরা রসিকতা করে বিড়ালটিকে চাকরি দেওয়ার দাবি জানালে তাতে সাড়া দিয়েছে মেট্রো কর্তৃপক্ষও। মজা করেই বিড়ালটির পদ রাখা হয়েছে ‘চিফ ফেলাইন অফিসার’ (Chief Feline Officer), যার অর্থ ‘প্রধান বিড়াল কর্মকর্তা’।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করা এই বিড়ালটি স্টেশনের পরিচিত মুখ হয়ে উঠেছে। এক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালটির ছবি পোস্ট করে তাকে একটি সরকারি পদ দেওয়ার প্রস্তাব দেওয়ার পর বিষয়টি ভাইরাল হয়ে যায়।
যাত্রী সন্দেশ সামন্ত স্টেশনের প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির ছবি শেয়ার করে মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডকে (এমএমএমওসিএল) ট্যাগ করেন। রসিকতা করে তিনি লেখেন, গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই নিরীহ প্রাণীটিকে একটি সরকারি পদ দেওয়া হোক। আপাতত সে বিনা বেতনে কাজ করছে।
যাত্রীর সেই মজার প্রস্তাব লুফে নেয় এমএমএমওসিএল। কর্তৃপক্ষও রসিকতার ছলে বিড়ালটিকে ‘চিফ ফেলাইন অফিসার’ পদে নিয়োগ দেওয়ার কথা জানায়।
এমএমএমওসিএল-এর পোস্টে বলা হয়, নতুন এই কর্মকর্তার দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন, যাত্রীদের ওপর নজর রাখা এবং এমন জায়গায় বসে থাকা, যেখান থেকে সবাই তাকে দেখতে পারে। কর্তৃপক্ষের ভাষায়, এখন পর্যন্ত তার কর্মদক্ষতা ‘পারফেক্ট’।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। এক ব্যবহারকারী জানান, প্রতিদিন সকালে গুণ্ডাওয়ালি স্টেশনে গিয়ে তিনি বিড়ালটির খোঁজ করেন। আরেকজন মজা করে তাকে ‘চিফ মাউস ক্যাচার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন।
এভাবেই স্টেশনের পরিচিত বিড়ালটি যাত্রীদের ভালোবাসা ও মেট্রো কর্তৃপক্ষের রসিকতায় এখন অনানুষ্ঠানিকভাবে মেট্রোর ‘কর্মকর্তা’ বনে গেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর