ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসির অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে। দলটির দাবি, সরকারের ‘বিশ্বাসঘাতকতামূলক আচরণের’ কারণে তারা আবারও আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, গত ২৫ জুলাই সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নের বিষয়ে সরকার কতটা আন্তরিক—তা নিয়েই এবার প্রশ্ন তুলবে দলটি।
সিজেপি জানিয়েছে, মিছিলটি দিল্লির ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে নয়াদিল্লি পুলিশ সদর দপ্তরে গিয়ে শেষ হবে। এতে নেতৃত্ব দেবেন প্রশ্নফাঁস–সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের সদস্য এবং গত ২০ জুলাইয়ের আন্দোলনে পুলিশের নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বজনরা।
দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, ২৫ জুলাই তরুণদের উদ্দেশে ভারত সরকার এবং বিজেপি/এনডিএ-শাসিত বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেছে সিজেপির জাতীয় ওয়ার্কিং কমিটি। ওই প্রতিশ্রুতির ভিত্তিতেই দেশব্যাপী তরুণদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল বলে দাবি করেছে দলটি।
তবে এক মাস পেরিয়ে গেলেও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পরিবর্তে সরকার সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ সিজেপির। দলটির দাবি, বিভিন্ন কারিগরি জটিলতার অজুহাতে বিষয়গুলো এড়িয়ে যাওয়া হচ্ছে এবং সুপ্রিম কোর্টের সামনেও সরকার স্পষ্ট অবস্থান জানাতে অনীহা দেখাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে সারা দেশে দায়ের হওয়া সংশ্লিষ্ট মামলাগুলোর (এফআইআর) তালিকা চেয়েছে, যাতে সেগুলো একত্রে বাতিলের বিষয়টি বিবেচনা করা যায়। কিন্তু এ বিষয়ে সরকার এখনো কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। একই সঙ্গে দলটির কাছে সরকারের লিখিত আশ্বাসও পৌঁছায়নি বলে দাবি করা হয়েছে।
৫ সেপ্টেম্বরের কর্মসূচি ঘোষণা করে সিজেপি বলেছে, দেশের তরুণ প্রজন্ম এবং যেসব পরিবার ইতোমধ্যে তাদের সন্তান হারিয়েছে, তাদের প্রতি সরকারের আচরণ হতাশাজনক। এ কারণেই তারা আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর