দেশে এখন থেকে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতি আদেশে মোটরসাইকেলের ইঞ্জিনক্ষমতার সর্বোচ্চ সীমা বাড়ানো হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) এ-সংক্রান্ত নতুন আমদানিনীতি ২০২৬-২০২৯-এর গেজেট প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন নীতি অনুযায়ী, সম্পূর্ণ তৈরি অবস্থায় (সিবিইউ) সর্বোচ্চ ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানি করা যাবে।
এর আগে ২০২১-২০২৪ মেয়াদের আমদানিনীতি অনুযায়ী, সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল।
নতুন নীতি কার্যকর হলে আন্তর্জাতিক ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার মোটরসাইকেল সরাসরি বাংলাদেশে আমদানির সুযোগ বাড়বে। তবে এতে স্থানীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোটরসাইকেলের পাশাপাশি নতুন আমদানিনীতিতে ব্যবসা-বাণিজ্যে আমদানির সুযোগও সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে ঋণপত্র (এলসি) ছাড়াও মূল্যসীমা ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ পাবেন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা।
এ ছাড়া নতুন নীতিতে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আমদানি সুবিধা এবং রপ্তানিমুখী শিল্পে কাঁচামাল আমদানির সুযোগও বাড়ানো হয়েছে।
আগের ২০২১-২০২৪ আমদানিনীতি আদেশে এলসি ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ থাকলেও বিভিন্ন পণ্য ও খাতের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা ও শর্ত ছিল। নতুন নীতিতে সেই সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত পদ্ধতির সঙ্গে দেশের আমদানি ব্যবস্থাকে আরও সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর