বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন, বিরোধীদলের প্রস্তাবিত ছায়া সরকারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জায়গা না পাওয়ার ঘটনা ভবিষ্যতে জামায়াত সরকার গঠন করলেও ঘটতে পারে।
বুধবার (২৬ আগস্ট) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে।’
রাশেদ খান অভিযোগ করেন, সাংগঠনিক সক্ষমতা না থাকা সত্ত্বেও এনসিপিকে একাধিক আসন ও প্রার্থীদের নির্বাচনী ব্যয় বহনে সহায়তার পেছনে জামায়াতের ১৯৭১ সালের ভূমিকার দায় মুছে ফেলার চেষ্টা ছিল। তবে তাঁর দাবি, এনসিপিকে ব্যবহার করে জামায়াত ১৯৭১ সালের গণহত্যার দায় থেকে মুক্তি পাবে না।
তিনি আরও বলেন, জামায়াত যতদিন থাকবে, ততদিন দলটিকে ১৯৭১ সালের গণহত্যার দায় বহন করতে হবে। একইভাবে আওয়ামী লীগকেও ২০২৪ সালের গণহত্যার দায় নিয়েই রাজনীতি করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ছায়া সরকার গঠনের প্রসঙ্গে রাশেদ খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচার ও বিভিন্ন জরিপে ক্ষমতায় যাওয়ার দৌড়ে এগিয়ে থাকা জামায়াতের নেতাদের মধ্যে এখন দায়িত্বশীলতার মনোভাব তৈরি হবে বলে তিনি মনে করেন। তাঁর প্রত্যাশা, ক্ষমতায় যেতে না পারার আক্ষেপ থেকে হিংসা ও বিদ্বেষমূলক বক্তব্যের পরিবর্তে দলটি রাষ্ট্র পুনর্গঠনে বিকল্প নীতির প্রস্তাব দেবে।
তবে ছায়া সরকারের কোনো সদস্য গুম নিয়ে ‘মিথ্যাচার ও অপপ্রচার’ করলে জনগণ সেটিকে ‘গুজব সরকার’ এবং সংশ্লিষ্টদের ‘গুজব মন্ত্রী’ বলতে শুরু করবে বলেও মন্তব্য করেন তিনি।
ছায়া মন্ত্রিসভায় নারী নেতৃত্বের প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি বলেন, ৫ আগস্টের পর আলোচনায় আসা নারী নেতৃত্বের কাউকে ছায়া মন্ত্রিসভায় রাখা যেত। একই সঙ্গে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের মন্ত্রী করার ক্ষেত্রে তাদের অবস্থান কী হবে, সে প্রশ্নও তোলেন তিনি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রসঙ্গে রাশেদ খান দাবি করেন, নির্বাচনের আগে নারী প্রার্থী দেওয়ার মাধ্যমে বিএনপি এ সনদ বাস্তবায়নের কাজ শুরু করেছে এবং সরকার দায়িত্ব নেওয়ার পরও সনদ বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর