মোহাম্মদ সালাহর বিদায়ের পর লিভারপুলের আক্রমণভাগে তৈরি হওয়া শূন্যতা পূরণে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে যাচ্ছে ক্লাবটি। পিএসজির ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে ইংলিশ জায়ান্টরা।
বিবিসি স্পোর্টের তথ্য অনুযায়ী, পারফরম্যান্সভিত্তিক বোনাসসহ বারকোলার জন্য লিভারপুলের মোট খরচ হতে পারে প্রায় ১২৩ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার কোটি টাকারও বেশি।
বারকোলাকে ছাড়তে শুরুতে ১৪৫ মিলিয়ন পাউন্ড দাবি করেছিল পিএসজি। তবে দীর্ঘ আলোচনার পর ১০৬ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক ফিতে সম্মত হয়েছে ফরাসি ক্লাবটি। চুক্তির বিভিন্ন পারফরম্যান্স শর্ত পূরণ হলে এর সঙ্গে আরও ১৭ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে।
২৩ বছর বয়সী বারকোলা চলতি সপ্তাহের শেষ দিকে লিভারপুলে মেডিকেল পরীক্ষা দিতে পারেন। পরীক্ষায় কোনো সমস্যা না থাকলে অ্যানফিল্ডের ক্লাবটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করবেন তিনি।
বারকোলার প্রধান পজিশন বাঁ উইং। তবে প্রয়োজন অনুযায়ী ডান প্রান্ত এবং আক্রমণভাগের মাঝেও খেলতে পারেন এই ফরাসি ফরোয়ার্ড। একাধিক পজিশনে খেলার সক্ষমতাই তাকে লিভারপুলের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ করে তুলেছে।
বারকোলা যোগ দিলে লিভারপুলের বর্তমান আক্রমণভাগের সমীকরণেও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে কোডি গাকপোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডকে দলে নেওয়ার ব্যাপারে টটেনহাম হটস্পার ও ম্যানচেস্টার সিটির আগ্রহের খবরও রয়েছে।
তবে আক্রমণভাগ শক্তিশালী করার পরিকল্পনায় শুধু বাঁ উইং নিয়েই ভাবছে না লিভারপুল। ডান প্রান্তের জন্যও নতুন খেলোয়াড় খুঁজছে তারা। এ ক্ষেত্রে ব্রাইটনের ইয়ানকুবা মিনতেহ ও ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা সারকে নিয়ে ক্লাবটির আগ্রহের কথা জানা গেছে।
সাম্প্রতিক কয়েক মৌসুমে লিভারপুলের আক্রমণভাগে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত দুই গ্রীষ্মে লুইস দিয়াজ ও সালাহকে হারানোর পর নতুন খেলোয়াড়দের নিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি। সেই পুনর্গঠন পরিকল্পনায় বারকোলাকে বড় একটি সংযোজন হিসেবেই দেখা হচ্ছে।
২০২৩ সালে ৩৮.৫ মিলিয়ন পাউন্ডে লিঁও থেকে পিএসজিতে যোগ দেন বারকোলা। প্যারিসের ক্লাবটির হয়ে এরই মধ্যে তিনটি লিগ ওয়ান, দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ফরাসি কাপ, একটি উয়েফা সুপার কাপ এবং একটি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন তিনি।
ফ্রান্স জাতীয় দলের হয়েও সাম্প্রতিক সময়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। এবারের বিশ্বকাপে তিনটি গোল করেছেন বারকোলা। এবার ক্লাব ফুটবলে তার পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে অ্যানফিল্ডে—সালাহর রেখে যাওয়া শূন্যতা পূরণের বড় দায়িত্ব নিয়েই।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর