নাটোরের গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সুরৎহাল প্রতিবেদন করতে গিয়ে পুলিশের ওপর হামলার মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চন্দ্রপুর ওয়াবদা বাজার ও শ্যামপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৯ আগস্ট) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
গুরুদাসপুর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ আগস্ট বিকেলে উপজেলার শ্যামপুর গ্রামে নন্দকুজা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারহান ইসলাম ও লাম ইসলাম নামে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুদাসপুর থানার এসআই আবুল বাশার ও কনস্টেবল আব্দুর রাকিব ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরৎহাল প্রতিবেদন করে পুলিশের অনুমতি নিয়ে মরদেহ দুইটি দাফনের জন্য বলেন। এ সময় গ্রামবাসীর সাথে পুলিশের বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে স্থানীয় জনসাধারণ ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা ও লাঠি দিয়ে আঘাত করে এবং কিল-ঘুষি মারে। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে এরাকাবাসী দুই পুলিশ সদস্যকে স্থানীয় একটি মাদ্রাসায় অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। মামলায় গতরাতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। ঘটনার সাথে অন্য জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর