• ঢাকা
  • ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৮:১৭ রাত

বেনাপোল বন্দরে ফর্কলিফটের দুর্ঘটনায় শ্রমিক আহত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় ভারী যন্ত্রাংশ বুকে পড়ে আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর শেডের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। আহত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৯২৫) নিয়ন্ত্রিত এলাকায় ফর্কলিফটের সাহায্যে একটি ফিল্ম ট্রাকে মালামাল লোড করা হচ্ছিল। এ সময় ফর্কলিফট থেকে একটি ভারী যন্ত্রাংশ স্লিপ করে আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের দাবি, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করেন। কিন্তু বন্দরের অভ্যন্তরে উন্নত চিকিৎসাসেবা ও জরুরি স্বাস্থ্যব্যবস্থা না থাকায় দুর্ঘটনায় আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসার জন্য ছুটতে হয় নাভারন কিংবা যশোরের হাসপাতালে।

শ্রমিকদের অভিযোগ, দুর্ঘটনার পর যানজট পেরিয়ে দূরের হাসপাতালে নিতে গিয়ে অনেক সময় মূল্যবান সময় নষ্ট হয়। অতীতেও দুর্ঘটনায় আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসা না পাওয়ায় পথেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।

তাদের প্রশ্ন, আর কত দুর্ঘটনাকবলিত শ্রমিককে জরুরি চিকিৎসার জন্য ১৪ থেকে ৩৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোরে নিতে হবে? বন্দর এলাকায় কর্মরত শ্রমিকদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করে বেনাপোল স্থলবন্দরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

শ্রমিকদের পাশাপাশি স্থানীয়দেরও দাবি, বন্দরে ভারী যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। এতে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]