নাটোরের গুরুদাসপুরে কাভার্ড ভ্যান ও মরদেহবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর চারজনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তালবাড়িয়া এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সের চালকসহ গাড়িতে থাকা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চারজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান।
কুশল/সাএ
সর্বশেষ খবর