বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট, তেল সরবরাহের পরিস্থিতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে ১১ দলীয় বিরোধী জোটের লংমার্চ কর্মসূচিকে জনগণের দুর্ভোগ তুলে ধরার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টেও লংমার্চ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
লংমার্চ সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, এটি একটি রাজনৈতিক কর্মসূচি। বিরোধী দলের গণতান্ত্রিক শক্তি মূলত তাদের প্রতিবাদ করার সক্ষমতার ওপর নির্ভর করে।
তিনি বলেন, ‘লংমার্চের মাধ্যমে আমরা জনগণের কষ্টের কথা তুলে ধরতে চাই। এটি শুধু সংস্কারের প্রতিশ্রুতির অংশ নয়; বরং বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে একটি প্রতিবাদ।’
দেশের তেল, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই মুখপাত্র বলেন, অতিরিক্ত দাম ও বিভিন্ন ধরনের ভুতুড়ে বিল পরিশোধ করার পরও নাগরিকরা প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছেন না। তার মতে, এতে দেশের পরিস্থিতি ২০০৫ সালের আগের সময়ের মতো সংকটাপন্ন হয়ে উঠছে।
পররাষ্ট্রনীতিতে ভারসাম্যের তাগিদ
বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, কৌশলগত স্বাধীনতা ও ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন আসিফ মাহমুদ।
মক্কা প্যাক্টে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের এ উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন। তবে কোনো বাণিজ্যিক বা সামরিক চুক্তিতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উচিত সব দেশের সঙ্গে সম্পর্কের দরজা খোলা রাখা।
তিনি বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হতে হবে, যাতে কোনো একটি পক্ষের সঙ্গে সম্পর্ক গভীর করতে গিয়ে অন্য কোনো রাষ্ট্র বা অঞ্চলের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়।’
বিমান টিকিট ও শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ
প্রবাসী শ্রমবাজারে অনিয়ম এবং বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। তার অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতে সৌদি আরবের বিমান টিকিটের দাম বর্তমানে ৬০ থেকে ৭০ হাজার টাকা, কোনো কোনো ক্ষেত্রে ৮০ হাজার টাকা পর্যন্ত উঠেছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে নতুন করে সিন্ডিকেট ও চাঁদাবাজি সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে।
মালয়েশিয়ার শ্রমবাজারের উদাহরণ দিয়ে আসিফ মাহমুদ বলেন, অন্যান্য দেশের কর্মীদের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। এটিকে তিনি কোনোভাবেই ন্যায্য পরিস্থিতি নয় বলে মন্তব্য করেন। প্রবাসী কর্মীদের বিদেশযাত্রার ব্যয় কমানো এবং শ্রমবাজারে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ওমরাহ পালন শেষে দেশে ফিরে দেশবাসী, সহযোদ্ধা, প্রবাসী বাংলাদেশি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানান এনসিপির মুখপাত্র।
৬ দফা দাবিতে ১১ দলের লংমার্চ
১১ দলীয় বিরোধী জোট ছয় দফা দাবি সামনে রেখে ধারাবাহিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনের সর্বস্তরে রাজনৈতিক দলীয়করণ বন্ধ করা। জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট রুটে আরও তিনটি লংমার্চ করার কথা রয়েছে।
সবশেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক এই আন্দোলনের বড় পরিসরের কর্মসূচি শেষ করার কথা জানিয়েছে ১১ দলীয় জোট।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর