সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামো অনুযায়ী, সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন পে-স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পরে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বেতনস্কেলে প্রারম্ভিক মূল বেতন গ্রেডভেদে ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। উচ্চতর গ্রেডগুলোতে ১০০ শতাংশ বৃদ্ধি রাখা হলেও নিচের গ্রেডগুলোতে ধাপে ধাপে বেতন বৃদ্ধির হার বাড়ানো হয়েছে।
১ম গ্রেডে ১ লাখ ৫৬ হাজার, ২০তম গ্রেডে ২০ হাজার
নতুন কাঠামোয় ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। অন্যদিকে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ করে বাড়ানো হয়েছে। এরপর ১২তম গ্রেড থেকে নিচের গ্রেডগুলোতে বৃদ্ধির হার পর্যায়ক্রমে বাড়ানো হয়েছে।
গ্রেডভিত্তিক নতুন মূল বেতন হলো—
১ম গ্রেড: ৭৮ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার টাকা
২য় গ্রেড: ৬৬ হাজার–৭৬ হাজার ৪৯০ থেকে ১ লাখ ৩২ হাজার–১ লাখ ৫৩ হাজার টাকা
৩য় গ্রেড: ৫৬ হাজার ৫০০–৯৮ হাজার ৮০০ থেকে ১ লাখ ১৩ হাজার–১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা
৪র্থ গ্রেড: ৫০ হাজার–৯১ হাজার ২০০ থেকে ১ লাখ–১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা
৫ম গ্রেড: ৪৩ হাজার–৬৯ হাজার ৮৫০ থেকে ৮৬ হাজার–১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা
৬ষ্ঠ গ্রেড: ৩৫ হাজার ৫০০–৬৭ হাজার ১০ থেকে ৭১ হাজার–১ লাখ ৩৪ হাজার টাকা
৭ম গ্রেড: ২৯ হাজার–৬৩ হাজার ৪১০ থেকে ৫৮ হাজার–১ লাখ ১২ হাজার ৮০০ টাকা
৮ম গ্রেড: ২৩ হাজার–৫৫ হাজার ৪৭০ থেকে ৪৬ হাজার–১ লাখ ১০ হাজার ৮০০ টাকা
৯ম গ্রেড: ২২ হাজার–৫৩ হাজার ৬০ থেকে ৪৪ হাজার–১ লাখ ৫ হাজার ৯০০ টাকা
১০ম গ্রেড: ১৬ হাজার–৩৮ হাজার ৬৪০ থেকে ৩২ হাজার–৭৭ হাজার ৩০০ টাকা
১১তম গ্রেড: ১২ হাজার ৫০০–৩০ হাজার ২৩০ থেকে ২৫ হাজার–৬০ হাজার ৫০০ টাকা
এই ১১টি গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার রাখা হয়েছে ১০০ শতাংশ।
নিচের গ্রেডে বাড়ছে বেতন বৃদ্ধির হার
১২তম গ্রেড থেকে মূল বেতন বৃদ্ধির হার আরও বেশি। ১২তম গ্রেডে ১১৫ শতাংশ, ১৩তম গ্রেডে ১১৮ শতাংশ এবং ১৪তম গ্রেডে ১৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
এ ছাড়া ১৫তম ও ১৬তম গ্রেডে ১৩৫ শতাংশ, ১৭তম গ্রেডে ১৩৮ শতাংশ, ১৮তম গ্রেডে ১৩৯ শতাংশ এবং ১৯তম গ্রেডে ১৪১ শতাংশ পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
সবশেষে ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ গ্রেডে বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে এবং সর্বোচ্চ মূল বেতন ২০ হাজার ৫৭০ টাকা থেকে বেড়ে ৪৮ হাজার ৮০০ টাকা হয়েছে।
উপকৃত হবেন প্রায় ৩৩ লাখ মানুষ
মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, নতুন বেতনস্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সংশ্লিষ্ট অর্থবছরগুলোর বাজেটে এ ব্যয়ের সংস্থান রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
সরকারের মতে, নতুন বেতনস্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কর্মোদ্দীপনা বাড়বে। পাশাপাশি দক্ষ, গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রজ্ঞাপনের মাধ্যমে বিস্তারিত জানাবে অর্থ বিভাগ
জাতীয় বেতনস্কেল-২০২৬ কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা জারি করবে অর্থ বিভাগ। এসব নির্দেশনায় বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী অন্যান্য সুযোগ-সুবিধার বিস্তারিত বিধান থাকবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থাকে অনুমোদিত নতুন বেতনস্কেল যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।
এর মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।
সাজু/নিএ
সর্বশেষ খবর