বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হলো ‘জিয়া স্মৃতি বইমেলা’। ৯ দিনব্যাপী এই বইমেলা চলবে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উপর রচিত বইগুলো সংগ্রাম-ত্যাগ-তিতিক্ষা-ধৈর্য ও দেশপ্রেমের, কথা বলে উল্লেখ করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশের ৯০ হাজার ৪৯টি গ্রামে জিয়া স্মৃতি পাঠাগার ছড়িয়ে পড়ুক। সেই সঙ্গে শিশু-কিশোরদের মাঝে বইপড়ার আগ্রহ গড়ে উঠুক, যাতে করে শিশু-কিশোরদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা-নিষ্ঠা ও অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হয়। ধৈর্য্যশীল মানুষ হিসেবে বর্তমানের শিশু-কিশোররা বড় হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে লিখা বইগুলো, তাদের জীবনের সংগ্রাম-ত্যাগ-তিতিক্ষা-ধৈর্য ও দেশপ্রেমের কথা বলে; তাদের আদর্শ ও দিক-নির্দেশনা সবসময়ই আমাদের চলার পথের পাথেয়।’
এ সময় মেলার উদ্বোধনী ঘোষণা করেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে জুবাইদা রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশ্যে লিখা স্বরচিত কবিতা ‘তুমি নির্ভীক’- এর কিছু অংশ আবৃত্তি করেন।
এর আগে জসীম আল ফাহিমের লিখা বই ‘সেনানায়ক থেকে মহান রাষ্ট্রপতি’র মোড়ক উন্মোচন করেন জুবাইদা রহমানসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক হাসান হাফিজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শের ওপর রচিত বই এবং জিয়াউর রহমানের জীবনভিত্তিক সাহিত্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি এই মেলার আয়োজন করেছে।
আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর