“চলবো মোরা একসাথে, বদলে দিব সমাজটাকে” এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার গাজীরচট আকবর মণ্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি ও আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসাইন মুন্সীর নেতৃত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংস্থার সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাসুদুর রহমান দেওয়ান, কোষাধ্যক্ষ ওসমান গনি, সহ-সভাপতি আনোয়ার হোসাইন, ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুর রশিদ মুন্সী, গাজীরচট ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম মুন্সী এবং গাজীরচট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি জোহর আলী মুন্সী।
এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সদস্য নূরুল আমীন ও জাহিদুল ইসলাম, গাজীরচট মুন্সীপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ক্যাশিয়ার আজিজুর রহমান এবং গাজীরচট ফুটবল একাডেমির দপ্তর সম্পাদক গাজী আব্দুল্লাহ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবুল হোসাইন মুন্সী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও একটি সুন্দর সমাজ গড়ে তুলতে স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর