কুমিল্লার বুড়িচং-মীরপুর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তবে চালকের তৎপরতায় ডাকাতির কবল থেকে রক্ষা পেয়েছেন গাড়ির প্রবাসী যাত্রী ও তাদের মালামাল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গোমতী নদীর পালপাড়া ব্রিজ পার হয়ে বুড়িচং-মীরপুর সড়কের আছিয়াগণি স্কুলের সামনে ও পল্লী বিদ্যুৎ সংলগ্নে সড়কের ওপর গাছ ফেলে রাখে একদল ডাকাত। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে সড়কের পাশে ঘাপটি মেরে গাড়ি থামানোর অপেক্ষায় ছিল।
এ সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী যাত্রীদের নিয়ে একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে চালকের সন্দেহ হয়। তিনি দ্রুত গাড়িটি পেছনে নিয়ে সেখান থেকে চলে যান। এতে ডাকাতদের কবলে পড়া থেকে গাড়ির যাত্রী ও তাদের সঙ্গে থাকা মালামাল রক্ষা পায়। তবে গাড়িটির গ্লাস ক্ষতিগ্রস্ত হয় ও চালক আহত হন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, শাসনগাছা থেকে পালপাড়া পর্যন্ত প্রায় রাতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। এই গুরুত্বপূর্ণ সড়কে রাতের বেলায় নিরাপত্তা জোরদার এবং ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর