বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। তিনি অভিযোগ করেছেন, তাকে অনবরত ট্যাগ করে বিভিন্নভাবে হেনস্তা ও কটূক্তি করা হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামী জানান, বাসা পরিবর্তনের কাজে ব্যস্ত থাকার পর রাতে ফেসবুকে ঢুকে তিনি বিষয়টি জানতে পারেন। তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্লাসের ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং হয়রানির শিকার ব্যক্তিদের তালিকায় তার নামও রয়েছে।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর কাছ থেকে সংশ্লিষ্টদের বিস্তারিত তথ্য নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে নিজের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
ওই শিক্ষিকা আরও অভিযোগ করেন, তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার ট্যাগ করে কটূক্তি ও টিপ্পনী করা হচ্ছে। তার ভাষ্য, রাজনৈতিক বিরোধ এবং অতীতে ছাত্রশিবিরকে ভালো বলার কারণে তাকে উদ্দেশ্য করে এসব করা হচ্ছে।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, তাকে কখনো সরাসরি, আবার কখনো পরোক্ষভাবে হয়রানি করা হচ্ছে। তার অভিযোগ, নারীকে হয়রানি করার জন্য একটি ইস্যুই যথেষ্ট—ব্যক্তিটি কে, সেটি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।
শেহরীন আমিন ভূঁইয়া মোনামী ক্ষোভ প্রকাশ করে বলেন, যাদের আচরণ নিয়ে তিনি অভিযোগ করছেন, তাদেরই তিনি পড়ান। এমন পরিস্থিতিতে চাকরি ও শিক্ষকতা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। একপর্যায়ে ভবিষ্যতে পেশা পরিবর্তনের ইচ্ছার কথাও জানান।
তবে তার অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর