মন্ত্রিপরিষদ সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল অনুমোদনের পর চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। সে হিসেবে গত সপ্তাহের ৩ সেপ্টেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরে বৃহস্পতিবার জানানো হয়, রোববার (৬ সেপ্টেম্বর) নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে।
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গেজেট প্রকাশের প্রক্রিয়া এখনো শেষ পর্যায়ে রয়েছে। প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে চলতি সপ্তাহের মধ্যেই, সম্ভাব্যভাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে।
ইতোমধ্যে প্রজ্ঞাপনের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানকার প্রক্রিয়া শেষে খসড়া অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং নেওয়া হবে। সবশেষে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গেজেট প্রকাশে বিলম্ব করার কোনো ইচ্ছা নেই। প্রক্রিয়াগত কারণে যতটুকু সময় প্রয়োজন, শুধু সেটুকুই নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।
প্রজ্ঞাপনের পর শুরু হবে বাস্তবায়ন
প্রজ্ঞাপন জারি হওয়ার পরও পে স্কেল বাস্তবায়নে আরও কিছু প্রশাসনিক ধাপ রয়েছে। রোববার প্রজ্ঞাপন প্রকাশ হলে নবম পে স্কেলের বিস্তারিত বিধান ও কাঠামো স্পষ্ট হবে।
এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোকে নতুন বেতন কাঠামো অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণ, বিভিন্ন ভাতা সমন্বয় এবং বাস্তবায়নসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।
গত সোমবার মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এখন প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। এর আগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা বেশি সময় লাগছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর