সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন করে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পদায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন করে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের পদায়ন নিশ্চিত করতেই সাময়িকভাবে বদলি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। নতুন শিক্ষকদের পদায়ন শেষ হওয়ার পর বদলি কার্যক্রম নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকদের আগামী ১ অক্টোবর থেকে যোগদান শুরু হবে। এরপর ৪ অক্টোবর থেকে তাদের পদায়ন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
পদায়নের পর নতুন শিক্ষকদের দুই মাসের বিশেষ পেশাগত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে প্রশিক্ষণ শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
নতুন শিক্ষকদের যোগদান, পদায়ন ও প্রশিক্ষণসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর