কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেছেন, ভৌগোলিক ও সামাজিক বাস্তবতার কারণে হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে। এসব প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে আমাদের সবাইকে সম্মিলিতভাবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্যে কাজ করতে হবে। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো। আমরা আশাবাদী, এর মধ্য দিয়ে আমরা হাওরাঞ্চলের শিক্ষায় অগ্রযাত্রা ও শিক্ষার উন্নয়ন ঘটাতে সচেষ্ট হবো।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়সিদ্ধি আইডিয়াল কিন্ডারগার্টেনের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর এসব কথা বলেন।
ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ও সবুজ করে তুলতে হবে। যেন এর মাধ্যমে কোমলমতি শিশুরা নিজ হাতে গাছ লাগিয়ে ও পরিচর্যা করে শৈশব থেকেই পরিবেশ সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করতে পারবে। একটি সুন্দর, সবুজ ও টেকসই পৃথিবী গড়তে জয়সিদ্ধি আইডিয়াল কিন্ডারগার্টেনের এই সবুজ উদ্যোগ একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এটি যেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে সেদিকে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. কবির সিদ্দিকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন, জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিন এবং জয়সিদ্ধি ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের আহ্বায়ক পলাশ রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জয়সিদ্ধি আইডিয়াল কিন্ডারগার্টেনের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে জয়সিদ্ধি আইডিয়াল কিন্ডারগার্টেনের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া কৃতী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও অন্য অতিথিরা পুরস্কার তুলে দেন।
পরে প্রধান ইউএনও মাখন চন্দ্র সূত্রধর অন্যদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর