• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ দুপুর
আনন্দবাজারের প্রতিবেদন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে বার্তা দিল দিল্লি

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দুই বছর আগে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই বাংলাদেশের কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে শেখ হাসিনা নিজ উদ্যোগে বাংলাদেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্যও বাংলাদেশকে অনুরোধ করেছে ভারত।

ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাস আগে ভারতের গোয়েন্দা বাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করে। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয় এবং তাকে প্রত্যর্পণের প্রসঙ্গ উঠে আসে।

প্রতিবেদনের দাবি, বৈঠকে ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল বাংলাদেশের কর্মকর্তাদের স্পষ্টভাবে জানায়, নয়াদিল্লি এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে না। এমনকি কোনো অবস্থাতেই তাকে হস্তান্তর না করার বিষয়ে ভারতের অবস্থান জানানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রত্যর্পণ চুক্তির ব্যাখ্যা ভারতের
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এ অবস্থানের পেছনে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিষয়টি গুরুত্বপূর্ণ। ভারতের ব্যাখ্যা অনুযায়ী, প্রত্যর্পণের অনুরোধ বিবেচনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারিক প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।

অর্থাৎ, শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে হস্তান্তরের পরিবর্তে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ বিচারিক প্রক্রিয়া ও তার পরিণতি বিবেচনা করার বিষয়টি ভারতের অবস্থানের অংশ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা হাসিনার
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনা নিজেই আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। এ বিষয়ে ভারত সরকারও অবগত বলে উল্লেখ করা হয়েছে।

তবে তিনি দেশে ফিরলে তার সঙ্গে যেন কোনো ধরনের ‘অসম্মানজনক আচরণ’ করা না হয়, সে বিষয়েও ঢাকাকে সতর্ক করেছে ভারতীয় প্রতিনিধিদল।

আনন্দবাজারের দাবি, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গ্রেপ্তার হলে তার ব্যক্তিগত নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি। অর্থাৎ, তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলেও তার নিরাপত্তা ও চিকিৎসার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার বার্তা দিয়েছে ভারত।

তবে শেখ হাসিনা কীভাবে বা কোন পথে বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামী লীগ এখনো কোনো চূড়ান্ত পরিকল্পনা করেনি বলে ভারতীয় গোয়েন্দাদের ধারণা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে বলে দাবি করেছে আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার কয়েকজন সন্দেহভাজন সদস্যের উপস্থিতি নিয়ে ভারতীয় গোয়েন্দারা উদ্বিগ্ন। এমন ছয়জনের উপস্থিতির কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে চারজন অতীতে কাশ্মীরে সক্রিয় ছিলেন বলে ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি।

তারা কী কারণে বাংলাদেশে অবস্থান করছেন এবং তাদের কর্মকাণ্ড কী—এসব বিষয় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বোঝাতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের প্রসঙ্গও প্রতিবেদনে টেনে আনা হয়েছে। সাবেক কোনো রাজনৈতিক নেতার দেশে ফেরার পর নিরাপত্তাঝুঁকি তৈরির উদাহরণ হিসেবে ওই ঘটনার উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

তবে আনন্দবাজারের প্রতিবেদনে প্রকাশিত এসব তথ্যের বিষয়ে বাংলাদেশ বা ভারতের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যের কথা উল্লেখ করা হয়নি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]