আসন্ন ধর্মীয় ছুটির মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েল।
দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) রবিবার (৬ সেপ্টেম্বর) এক জরুরি ভ্রমণ নির্দেশনা জারি করে এসব দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। ইসরায়েলি নাগরিকদের এসব দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইসরায়েলি নিরাপত্তা পরিষদের দাবি, ইরান, হিজবুল্লাহ ও হামাসের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুতে হামলার উসকানিমূলক প্রচারণা বেড়েছে। আল-কায়েদা ও আইএসের মতো চরমপন্থি সংগঠনগুলোও বিভিন্ন দেশে একক হামলায় উৎসাহ দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।
বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, সোমালিয়া, লিবিয়া ও আলজেরিয়াকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে জর্ডান, কাতার ও মিসরকে ‘লেভেল ৪’ বা সর্বোচ্চ ঝুঁকির দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়া আইন অনুযায়ী ইসরায়েলি নাগরিকদের ইরাক, ইয়েমেন, ইরান, সিরিয়া ও লেবাননে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ।
উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর