বিএনপি যে ধারাবাহিকতায় দল পরিচালনা করছে, তাতে আগামী পাঁচ বছর ক্ষমতায় স্থায়ী হতে পারবে না’ এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সার্জিস আলম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শহরের মল্লিকা পার্টি সেন্টারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সার্জিস আলম বলেন, ‘আমরা বিএনপিকে আলাদাভাবে ট্রিট করব। কিন্তু বিএনপি বিন্দুমাত্র ছাড় দিতে আগ্রহী নয়। তারা যদি চায় বিগত দিনের মতো পোষ্য বিরোধী দল হোক, এই সুযোগ আমরা কখনোই তাদের দেব না।’
তিনি আরও বলেন, ‘বিএনপির কেউ যদি চাঁদাবাজি করে, আমরা তাকে চাঁদাবাজ বলব। কেউ যদি জমি দখল করে, তাকে দখলদার বলব। ক্ষমতার অপব্যবহার করলে তাকে অপব্যবহারকারী বলব। রাতের আঁধারে কেউ মাদকের সেল্টার দিলে তাকে মাদক ব্যবসায়ী বলব। প্রত্যেকটি অন্যায়ের আমরা প্রতিবাদ করব।’
এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‘বিগত ছয় মাসে বিএনপি যতটা জনসমর্থন পেতে পারত, যেসব কাজ করা সম্ভব ছিল, তারা তা করছে না। তারা জনআকাঙ্ক্ষা থেকে সরে যাচ্ছে। বিএনপি যে ধারাবাহিকতায় দল পরিচালনা করছে, তাতে আগামী পাঁচ বছর ক্ষমতায় স্থায়ী হতে পারবে না।’
আওয়ামী লীগের সমালোচনা করে সার্জিস আলম বলেন, ‘আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ স্বৈরাচার। তারা গুম করেছে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার। বাংলাদেশে তাদের পতন হয়েছে, ভারতে দাফন হয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য ২০২৪ সালের আন্দোলনে মানুষ হত্যা করেছে। দেশের আলেমদের রাতের আঁধারে হত্যা এবং মোদি-বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক অধিকার চাওয়ায় গুলি করে মানুষ হত্যার অভিযোগও তোলেন তিনি।
সার্জিস আলম প্রশাসন ও বিচার বিভাগকে দলীয়করণের অভিযোগও করেন। সম্প্রতি ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
লোডশেডিংকে পুঁজি করে বিএনপির সরকারের একটি পক্ষ ‘পকেট ভারী’ করছে বলেও অভিযোগ করেন সার্জিস আলম। জ্বালানি খাতে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, তা বিএনপির অদক্ষতার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, এনসিপি নেতা মহিউদ্দিন রনিসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর