• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৩:১৯ দুপুর

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসআই ও বিএনপি নেতাসহ নিহত ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরের কালীগঞ্জে ডিউটিরত অবস্থায় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা নিহতের ঘটনায় মূল ঘাতক গাড়িটি জব্দ ও এর হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকার শ্রমিক কলেজের সামনে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনার পরদিন মামলা দায়ের করা হয় এবং সর্বশেষ ২৮ অক্টোবর নরসিংদী থেকে পিকআপটি উদ্ধারসহ হেলপারকে গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত শুক্রবার ২৩ অক্টোবর গাজীপুর কালীগঞ্জের রাত্রীকালীন রণপাহারা ডিউটি পালনরত পুলিশ সদস্যরা সন্দেহভাজন তিনজন আসামিকে আটক করে থানায় ফিরছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকার শ্রমিক কলেজের সামনে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা (৪৫) পুলিশের গাড়িটি রাস্তার পাশে থামিয়ে ডিউটিরত পুলিশ সদস্যদের সাথে কথা বলতে শুরু করেন। কথোপকথনের একপর্যায়ে রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিট থেকে ৩টা ৪০ মিনিটের দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুত ও বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ টিম এবং ওই বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়।

এই আকস্মিক ধাক্কায় ঘটনাস্থলেই পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় পিকআপটিকে আটকানোর জন্য অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে গেলে ঘাতক গাড়িটি তাদেরকেও ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরবর্তীতে এই ঘটনায় কালীগঞ্জ থানায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। তার প্রেক্ষিতে থানায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারায় একটি মামলা রুজু করা হয়, যার মামলা নম্বর-২৬।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় ক্লু উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। এর ধারাবাহিকতায় কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গত ২৮ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সিসিটিভি ফুটেজ সংগ্রহপূর্বক তা গভীরভাবে পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। এরপর নরসিংদী জেলার পলাশ থানাধীন ডাঙ্গা এলাকার কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে অভিযুক্ত পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ। একই অভিযানে অভিযুক্ত পিকআপ ভ্যানের হেলপার মো. রাজু শেখকে (২৯) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু শেখ গোপালগঞ্জের কাশিয়ানীর দক্ষিণ ফুকরা (শেখ বাড়ী) এলাকার মো. লুৎফার রহমান ও সালমা বেগম দম্পতির ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হেলপার রাজু শেখ স্বীকার করেন যে, দুর্ঘটনার সময় ওই পিকআপ ট্রাকটি চালাচ্ছিলেন চালক মো. মাজহারুল ইসলাম। পুলিশ জানিয়েছে, পলাতক মূল চালক মাজহারুল ইসলামকে গ্রেফতারে তাদের জোরদার অভিযান ও আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, "গত ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জের তুমলিয়া এলাকায় রণপাহারা ডিউটি শেষে আসামিদের নিয়ে ফেরার পথে বেপরোয়া পিকআপের ধাক্কায় আমাদের একজন এসআই ও এক স্থানীয় বিএনপি নেতা মর্মান্তিকভাবে নিহত হন।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকেই পুলিশ ছায়াতদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নরসিংদী থেকে ঘাতক পিকআপটি জব্দ এবং এর হেলপার রাজু শেখকে গ্রেফতার করা হয়েছে। হেলপারকে জিজ্ঞাসাবাদে মূল চালকের নাম পাওয়া গেছে। পলাতক ঘাতক চালক মো. মাজহারুল ইসলামকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো পুলিশ বিভাগ ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com