দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃত ১ হাজার ৯ জনের মধ্যে হামের উপসর্গে ৯০৯ জন এবং হাম আক্রান্ত হয়ে ১০০ জন মারা গেছেন।
এদিকে, গত একদিনে নতুন করে ২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ১৬৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের এবং হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৩৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর