হাম থেকে সেরে উঠলেও শিশুদের স্বাস্থ্যঝুঁকি কাটছে না। হামের সংক্রমণে রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ায় পরবর্তী সময়ে নিউমোনিয়াসহ নানা সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে তারা। সরকারি তিন হাসপাতালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া প্রতি ১০ শিশুর মধ্যে প্রায় সাতজনেরই নিউমোনিয়া শনাক্ত হয়েছে। অনেক শিশুর ফুসফুসে দেখা দিচ্ছে গুরুতর জটিলতা। কারও প্রয়োজন হচ্ছে দীর্ঘমেয়াদি চিকিৎসা, অক্সিজেন এমনকি নিবিড় পরিচর্যারও।
চিকিৎসকদের মতে, হাম-পরবর্তী নিউমোনিয়া এখন শিশুদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
ঢাকা ও চট্টগ্রামের তিনটি সরকারি হাসপাতালে গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৩৪ হাজার ৯৩৪ শিশু। তাদের মধ্যে ২৫ হাজার ৬৯১ শিশুর নিউমোনিয়া শনাক্ত হয়েছে। অর্থাৎ চিকিৎসা নেওয়া শিশুদের প্রায় ৭৪ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত।
হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মহাখালীর কভিড-১৯ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ২২ হাজার ৭৯০ শিশুর মধ্যে ১৮ হাজার ২৩২ জনের নিউমোনিয়া শনাক্ত হয়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি ৩ হাজার ৫৯১ শিশুর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ছিল ২ হাজার ২৯৩ জন। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৮ হাজার ৫৫৩ শিশুর মধ্যে ৫ হাজার ১৬৬ জনের নিউমোনিয়ার জটিলতা পাওয়া গেছে।
এদিকে হামের সংক্রমণ পরিস্থিতিও উদ্বেগজনক। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১৩ জন।
গত বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭। নিশ্চিত রোগীর সংখ্যা ২৪ হাজার ৭২৩। এ সময়ে সন্দেহজনক হামে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামজনিত মৃত্যু হয়েছে ১০৫ জনের।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। সিলেট বিভাগে এ সংখ্যা ১৬৬।
এমন পরিস্থিতির মধ্যেই আজ বৃহস্পতিবার দেশে পালিত হচ্ছে নিউমোনিয়া দিবস। এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণে নতুন যুগের সূচনা’। দিবসটি উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিউমোনিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় রোগীর চাপ অনেক বেশি। অনেক শিশুকে দীর্ঘ সময় হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। হাম থেকে সেরে ওঠার পর নতুন করে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আবার হাসপাতালে আসতে হচ্ছে অনেককে।
চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে পাঁচ থেকে সাত শিশু ভর্তি থাকত। কিন্তু চলতি বছর হামের প্রাদুর্ভাবের পর হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ২৫ থেকে ৩০-এ দাঁড়িয়েছে। এর বাইরে সাধারণ নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরাও চিকিৎসা নিচ্ছে। বর্তমানে নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ২৬ শিশু।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত ২ হাজার ২৯৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে আরও ৪২ শিশু।
হাসপাতালের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল ৪ হাজার ২৬০ শিশু। ২০২৫ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ২ হাজার ৬৩১-এ। চলতি বছরের জানুয়ারিতে ৩১৯, ফেব্রুয়ারিতে ৩৩৯, মার্চে ৪১৫, এপ্রিলে ২৬৮, মে মাসে ১৯৮, জুনে ১৫২, জুলাইয়ে ১৪৫, আগস্টে ১৫৯, সেপ্টেম্বরে ১৫১ এবং অক্টোবরে ১২৯ শিশু নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়। নভেম্বরের প্রথম আট দিনে ভর্তি হয়েছে আরও ১৮ শিশু।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, অপুষ্টি, টিকাদানে ঘাটতি, বায়ুদূষণ এবং অতিরিক্ত জনসমাগমপূর্ণ এলাকায় শিশুদের যাতায়াত নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। চলতি বছর হাসপাতালে সাধারণ নিউমোনিয়ার পাশাপাশি হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত অনেক শিশুর চিকিৎসা দিতে হয়েছে।
হাসপাতালটির অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম বলেন, স্বাভাবিক সময়ে নিউমোনিয়া ওয়ার্ডে পাঁচ থেকে সাতজন রোগী ভর্তি থাকত। কিন্তু এ বছর হামের প্রকোপের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। হামের অন্যতম প্রধান জটিলতা নিউমোনিয়া। হাম-পরবর্তী সংক্রমণে অনেক শিশুর ফুসফুস আক্রান্ত হচ্ছে।
তিনি জানান, বর্তমানে শিশু হাসপাতালের হাম ওয়ার্ডে শতাধিক রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৫০ জনের বেশি নিউমোনিয়ায় আক্রান্ত।
হাম থেকে সেরে ওঠার পরও শিশুদের শারীরিক জটিলতা কীভাবে বাড়ছে, তার অভিজ্ঞতা জানিয়েছেন অভিভাবকেরা।
চট্টগ্রামের ফতেয়াবাদ এলাকার বাসিন্দা শিমলা ইসলামের ১৪ মাস বয়সী মেয়ে মাইসুন আগে সম্পূর্ণ সুস্থ ছিল। হঠাৎ তার তীব্র জ্বর শুরু হয়। চার দিন পর শরীরের বিভিন্ন স্থানে লাল ফুসকুড়ি দেখা দেয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার হাম শনাক্ত হয়। এরই মধ্যে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, হাম ছাড়াও শিশুটি জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।
নগরের কাট্টলী এলাকার বাসিন্দা রোখসারুল ইসলামের ১১ মাস বয়সী ছেলে আকিবও এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তবে শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ার জটিলতা থাকায় তার সুস্থ হতে আরও সময় লাগবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিয়া বলেন, হামের সংক্রমণে শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। পাশাপাশি শরীরের মিউকোসাল আবরণ ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রমণে সহজেই আক্রান্ত হতে পারে।
তিনি বলেন, বর্তমানে হামে আক্রান্ত অনেক শিশুর মধ্যে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা যাচ্ছে। কিছু শিশুর ক্ষেত্রে এনসেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহও হচ্ছে। এসব জটিলতা শিশুদের শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন করে তুলছে।
বিশ্বজুড়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। আইসিডিডিআরবির ২০২৩ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী প্রায় ২৪ হাজার শিশুর মৃত্যু হয় এ রোগে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, হামে আক্রান্ত ৭০ থেকে ৮০ শতাংশ শিশুর নিউমোনিয়া শনাক্ত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা ও শিশুদের মৃত্যুঝুঁকি কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
তবে এখনও অনেক শিশু হামের টিকা নিচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর মতে, টিকা না নেওয়ার কারণে শিশুরা হামসহ এর গুরুতর জটিলতার ঝুঁকিতে পড়ছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
স্বাস্থ্য ও চিকিৎসা এর সর্বশেষ খবর