তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি থেকে কর্মকর্তা-কর্মচারী ও আগত সেবাগ্রহীতাদের সুরক্ষিত রাখতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সকল কার্যালয়কে শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত করার উদ্যোগ নিয়েছে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার কারওয়ান বাজার বিএফডিসির সভাকক্ষে ‘পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে শতভাগ ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা’ বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) যৌথভাবে সভাটির আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। তামাক ব্যবহার প্রতিরোধযোগ্য মৃত্যু ও অসুস্থতার অন্যতম প্রধান কারণ। তামাকের কারণে ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগসহ নানা প্রাণঘাতী রোগ সৃষ্টি হয়। শুধু তামাক ব্যবহারকারীই নন, পরোক্ষ ধূমপানের শিকার ব্যক্তিরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। বাংলাদেশে প্রতি বছর ধূমপানের কারণে মৃত্যুবরণ করে প্রায় ২ লাখ মানুষ। কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের শিকার হয় ৪২.৭% প্রাপ্তবয়স্ক ব্যক্তি।
ধূমপানের ক্ষতিকর প্রভাব শুধু ব্যক্তির স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি কর্মক্ষমতা হ্রাস, চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং পরিবারের আর্থিক ও সামাজিক সংকটও বাড়িয়ে তোলে। বিশেষ করে কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের কারণে অধূমপায়ী কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারাও অনিচ্ছাকৃতভাবে স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েন। দ্যা ল্যানসেট এর গবেষণা অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশে ৫২,১০০ জন পরোক্ষ ধূমপানের কারণে মৃত্যুবরণ করেন।
সভায় বিএফডিসির চেয়ারম্যান মো. মীর হোসেন বলেন, “বিএফডিসির সকল কার্যালয়কে শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত করা এবং অফিস প্রাঙ্গণে স্মোকিং জোন না রাখার এই উদ্যোগ একটি স্বাস্থ্যকর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাদের স্বাস্থ্য সুরক্ষায় এ সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
বিএফডিসির অর্থ পরিচালক, মো: আব্দুল আখের বলেন, তামাকজাত পণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এতে নিকোটিন থাকায় এটি নেশার উদ্রেক ঘটায়। এটি গ্রহণ থেকে আমাদের সকলের দূরে থাকা অত্যন্ত জরুরী। শতভাগ ধূমপানমুক্ত অফিস প্রাঙ্গণ আমাদের তামাকজাত দ্রব্যের এই ক্ষতিকর প্রভাব থেকে সবাইকে দূরে রাখতে কার্যকারী ভুমিকা রাখবে।
বিএফডিসির ক্রয় ও বিপণন বিভাগের পরিচালক বৈশাখী বড়ুয়া বলেন, আমরা নারীরা ধূমপান না করেও পরোক্ষ ধূমপানের শিকার হই যা নানা প্রকার স্বাস্থ্যঝুঁকির কারণ। বিশেষ করে গর্ভাবস্থায় এ ঝুঁকির মাত্রা আরও বেশি এবং এতে শিশু স্বাস্থেরও ক্ষতি হয়। তাই এই পদক্ষেপটি অত্যন্ত জরুরী এবং প্রশংসনীয়।
উবিনীগের পরিচালক সীমা দাস সীমু বলেন, দেশে ২০.৬ শতাংশ প্রাপ্তবয়স্ক ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন, যাদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি। নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে তাবিনাজ (তামাকবিরোধী নারী জোট) সারা দেশে কাজ করছে।
এ সভার মাধ্যমে সারাদেশের বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)-র প্রধান কার্যালয়সহ সারাদেশে সকল অফিসসমূহকে ধূমপানমুক্ত ঘোষণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উবিনীগের পক্ষ থেকে বিএফডিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়, সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিএফডিসির সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
স্বাস্থ্য ও চিকিৎসা এর সর্বশেষ খবর