পটুয়াখালীর বাউফলের পৃথক স্থানে অভিযান চালিয়ে রেকটি হোমিও সিরাপ ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বগা ও কালিশুরী এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বুধবার রাত ০৮টা দিকে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই স্বপন কুমার হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বগা ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময় বগা ইউনিয়ন বানাজোড়া গ্রামের মৃত আয়েন উদ্দিন খানের ছেলে মো. মজিবর রহমান খানকে (৫৪) চার বোতল রেকটি হোমিও সিরাপ ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭৮৫ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয় বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
একই দিনে দুপুর ২টা ৪৫দিকে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল কালিশুরী ইউনিয়নের মোল্লা বাড়ির দরজার সামনে থেকে মো. রুবেল হাওলাদারকে (৩০) আটক করা হয়।কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. বাবুল হাওলাদারের ছেলে রুবেলের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি বাউফল থানার মামলা নং-১৬, জিআর-৩২৮, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর