ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট যোগাযোগ সেবার ওপর নির্ভরতা আরও বাড়িয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকার ও প্রতিরক্ষা খাত ইতোমধ্যে স্টারলিংক এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা স্টারশিল্ড ব্যবহারে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য স্পেসএক্সের নিরাপদ সামরিক স্যাটেলাইট নেটওয়ার্ক ‘স্টারশিল্ড’ ব্যবহার শুরু করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারা প্রায় এক হাজার স্টারশিল্ড টার্মিনাল এবং ৫০০ স্টারলিংক টার্মিনাল সংগ্রহ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে স্টারলিংক ব্যবহার শুরু করলেও ২০২৪ সাল থেকে ধাপে ধাপে আরও নিরাপদ স্টারশিল্ড ব্যবস্থায় স্থানান্তর শুরু করে যুক্তরাজ্য। সামরিক ও গোয়েন্দা যোগাযোগে ব্যবহারের জন্য তৈরি এই সেবায় উন্নত এনক্রিপশন ও নিরাপত্তা সুবিধা রয়েছে।
স্টারশিল্ড মূলত স্টারলিংকের স্যাটেলাইট অবকাঠামোর ওপর ভিত্তি করে পরিচালিত হলেও এতে আলাদা হার্ডওয়্যার, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সুরক্ষিত যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে এটি সামরিক যোগাযোগের ক্ষেত্রে বেশি নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইউরোপের অনেক দেশ যখন নিজস্ব স্যাটেলাইট ও মহাকাশ সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, তখন ব্রিটেনের এই পদক্ষেপ স্পেসএক্সের প্রযুক্তির ওপর তাদের নির্ভরতা আরও জোরালো করছে। একই সঙ্গে পশ্চিমা নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান ভূমিকার বিষয়টিও সামনে নিয়ে এসেছে।
তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনায় একটি বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র: রাইর্টাস
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর