• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ বিকাল

ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের টিএনটি রোড এলাকায় বকুলের বাসায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সমালোচনামূলক পোস্ট দেন। ওই পোস্টের মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানান বকুল। এ ঘটনাকে কেন্দ্র করেই তার বাসায় গিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

হামলায় আহত বকুলকে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্র আরও জানায়, ঘটনার পর শামীম আহমদ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বাসায় আশ্রয় নেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হলে তিনি সেখান থেকে সরে যান। এ ঘটনার পর হাবিবুর রহমানকে পুলিশ আটক করেছে বলে এলাকায় আলোচনা ছড়িয়ে পড়ে।

তবে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানিয়েছেন, ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় হাবিবুর রহমানকে আটক করা হয়নি। তার বিরুদ্ধে আগে থেকেই থাকা একটি মামলায় বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরদিন আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ওসি বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। তবে শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

পথসভা থেকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শামীম আহমদকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আলটিমেটাম দেন ছাত্রদল নেতারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।

বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা বলেন, “ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে বকুলের বাসায় গিয়ে তাকে মারধর করা হয়েছে। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।”

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]