লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালি ঘিরে সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। ইয়েমেনের উপকূলে গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘাত অব্যাহত রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) হুতি বাহিনী ও সৌদি আরবের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে হুতিদের অগ্রযাত্রার মধ্যে বাব আল-মান্দাব ঘিরে লড়াই আরও তীব্র হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হুতিরা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে ইয়েমেনের সংঘাতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছে।
এদিকে সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ইরাকের ভূখণ্ড থেকে ছোড়া একটি ড্রোন হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। হামলার পর সৌদি কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনের কার্যক্রম স্থগিত করেছে। তবে তাৎক্ষণিক কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি রিয়াদ।
ঘটনার পর ইরানের সঙ্গে থাকা তিনটি সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরাক। ইরাকের ভূখণ্ড থেকেই ড্রোনটি উড্ডয়ন করেছিল বলে জানানো হয়েছে।
অন্যদিকে, আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরান সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসবে বলে জানিয়েছে। বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাব আল-মান্দাব ও হরমুজ—দুই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বাব আল-মান্দাব দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ অংশ পরিচালিত হওয়ায় এই অঞ্চলের সংঘাত বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর