বিদেশে নিজের কোনো অর্থ, সম্পদ বা বিনিয়োগ থাকার অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুধু অর্থ বা জমি-ভিলা নয়, বিদেশে তার ‘একটি ধূলিকণা’ থাকার প্রমাণ দিতে পারলেও রাজনীতি ছাড়বেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে যেকোনো শাস্তি মাথা পেতে নেওয়ার কথাও বলেছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
পোস্টে তিনি লেখেন, দেশের বাইরে কোথাও তার এক পয়সা বিনিয়োগ বা ব্যাংকে রাখা, ভিলা কিংবা জমি থাকার তো প্রশ্নই নেই—এমনকি একটি ধূলিকণারও প্রমাণ কেউ দিতে পারলে তিনি সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেবেন। অভিযোগ প্রমাণিত হলে যে শাস্তি দেওয়া হবে, সেটিও মেনে নেবেন বলে জানান তিনি।
বিদেশে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্পদের তথ্য অনুসন্ধানের সক্ষমতা সরকারের রয়েছে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, দেশের বাইরে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্পত্তির তথ্য এর আগেও অনুসন্ধানী সাংবাদিক ও সরকার বের করেছে। তাই এ ধরনের অনুসন্ধান কোনো ‘রকেট সায়েন্স’ নয়।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সমালোচনা করে এনসিপির এই নেতা আরও বলেন, রাজনৈতিকভাবে কতটা ‘দেউলিয়া’ হলে এআই দিয়ে তৈরি ভুঁইফোঁড় একটি সংবাদমাধ্যমের সাত মাস আগের ফেসবুক পোস্ট কপি-পেস্ট করে অনুসন্ধান করা হয়।
বর্তমান সরকারের সমালোচনা করেও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, ছয় মাসেই বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থতা এবং দেশ পরিচালনায় চূড়ান্ত ব্যর্থতা আড়াল করতেই নানা নাটক শুরু করা হয়েছে। পাশাপাশি সরকারের সঙ্গে আওয়ামী লীগ আমলের দমন-পীড়নের পার্থক্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়া, ডিসি পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দেন আসিফ মাহমুদ। শুরুতে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০২৪ সালের নভেম্বরে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
২০২৫ সালের ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন আসিফ মাহমুদ। বর্তমানে তিনি দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর