পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের সদস্যরা পিরোজপুর, সাতক্ষীরা ও খুলনা জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ সময় চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন যশোর সদরের শংকরপুর চোপদারপাড়া এলাকার দিদারুল ইসলাম (২৫), সাতক্ষীরার পাটকেলঘাটার মির্জাপুর এলাকার ফিরোজ সরদার (২১) এবং কেশা এলাকার শাহাদাত হোসেন (২৩)।
পিবিআই জানায়, গত ২ জুলাই সকাল ৮টার দিকে ইজিবাইক চালক শাকিল হোসেন ডেকোরেশনের মালামাল নিয়ে যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে যান। চার খাম্বা মোড়ে হোটেলের সামনে ইজিবাইকটি রেখে তিনি কাজে যান। বেলা সাড়ে ১১টার দিকে ফিরে এসে তিনি ইজিবাইকটি আর দেখতে পাননি। এ ঘটনায় শাকিল হোসেন কোতয়ালী মডেল থানায় অভিযোগ করলে ১১ আগস্ট মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তভার গ্রহণ করেন এসআই মিলন মিয়া।
পিবিআই আরও জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। গত ১৪ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে দিদারুল ইসলামকে তার ভাড়া বাসা থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ২৫ মিনিটে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে ফিরোজ সরদার এবং ভোর ৫টা ৪৫ মিনিটে পাটকেলঘাটার কেশা এলাকা থেকে শাহাদাত হোসেনকে আটক করা হয়।
পরবর্তীতে শাহাদাত হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে খুলনার ডুমুরিয়া থানার খর্ণিয়া বাজারের ‘মেসার্স তানিয়া অটো গ্যারেজ’ থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে এবং চোরাই ইজিবাইক কেনাবেচার সিন্ডিকেটের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর