• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ দুপুর

এবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুর

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িঘর ও তার পাটের গোডাউনে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দলটির কয়েকজন নেতাকর্মী বসে মুড়ি-চানাচুর খাচ্ছিলেন। এ সময় পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুলের নেতৃত্বে ৫০-৬০ জন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ওই কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। 

এ সময় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি সেখানে থাকা বিএনপির নেতাকর্মীদের ওপরও হামলা করা হয়। এতে কয়েকজন আহত হন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, রুহুলের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। তাদের দাবি, কয়েক দিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ইবি থানায় একটি নাশকতার মামলা করা হয়। ওই মামলায় রুহুলসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আসামি হন। পরে আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে তারা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়েছেন।

হামলার ঘটনাকে কেন্দ্র করে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িঘর ভাঙচুর করা হয়। একই সময় তার পাটের গোডাউনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ইবি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে ইবি থানা পুলিশের সদস্যরা রয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]