• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ দুপুর

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে একটি নিউজ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে শহরের চ্যাটসওয়ার্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৭টার কিছু আগে ৯১০০ ব্লক নর্থ ম্যাসন অ্যাভিনিউ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সেটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ছুটে যান অগ্নিনির্বাপণকর্মীরা।

দুর্ঘটনাস্থলটি একটি বাণিজ্যিক ভবনের কাছাকাছি। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে এবং চারটি গাড়ি ও দুটি স্টোরেজ কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে ৫০ জনের বেশি দমকলকর্মী কাজ করেন।

স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি ফোর জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের নিউজ হেলিকপ্টার। দুর্ঘটনার কিছুক্ষণ পর সরাসরি সম্প্রচারে চ্যানেলটির একজন উপস্থাপক বিষয়টি নিশ্চিত করেন। হেলিকপ্টারটি ‘NewsChopper4’ নামে সংবাদ সংগ্রহে ব্যবহৃত হচ্ছিল বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করছিল হেলিকপ্টারটি

হেলিকপ্টারটি যে এলাকায় উড়ছিল, তার কাছাকাছিই এর আগে একটি এসইউভি ও লস অ্যাঞ্জেলেসের একটি সিটি বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। ওই দুর্ঘটনায় অন্তত দুজন নিহত এবং ছয়জন আহত হন। দুর্ঘটনার ছবি ও ভিডিওতে এসইউভিটির একটি অংশ বাসের ভেতরে ঢুকে যেতে দেখা যায়।

ওই দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলের আকাশে একাধিক নিউজ হেলিকপ্টার অবস্থান করছিল। এর কিছু সময় পরই এনবিসির হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বাস দুর্ঘটনার স্থান থেকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার জায়গাটি প্রায় দেড় মাইল দূরে ছিল।

নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে অন্তত একজন দুর্ঘটনার সময় মাটিতে ছিলেন। অন্য দুজন হেলিকপ্টারের ভেতরে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর হেলিকপ্টারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেতরে কতজন ছিলেন, সেটিও প্রাথমিকভাবে স্পষ্ট ছিল না।

এ ঘটনায় আরও একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ঘটনাটি তদন্ত করবে। তদন্ত শেষে হেলিকপ্টারটি কীভাবে বিধ্বস্ত হলো, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

একই দিনে কাছাকাছি এলাকায় পরপর দুটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় লস অ্যাঞ্জেলেসে শোকের ছায়া নেমে এসেছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]