ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর কয়েকজন বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ‘ভুয়া’ বলে নাকচ করেছে নয়াদিল্লি। একই সঙ্গে এ ধরনের ‘বিদ্বেষপূর্ণ’ ও যাচাইবিহীন তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব দাবিকে ভুয়া খবর হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে।
বিতর্কিত পোস্টগুলোর মধ্যে বিশ্বের অন্যতম বড় প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম পলিমার্কেটের একটি পোস্টও ছিল। এসব পোস্টে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া কয়েকজন বিশ্বনেতার অসুস্থতার বিষয়ে নানা দাবি করা হয়।
মূলত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার অসুস্থতার খবর প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে জল্পনা শুরু হয়। রামাফোসার কার্যালয় জানিয়েছিল, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকার জন্য ব্রিকস সম্মেলন শেষে দেশে ফেরার পর তিনি সাময়িকভাবে সব ধরনের জনসমক্ষ কার্যক্রম থেকে বিরত রয়েছেন।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আরও নানা দাবি ছড়িয়ে পড়ে। যাচাইবিহীন কয়েকটি পোস্টে দাবি করা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অসুস্থ বোধ করায় এবং জ্ঞান হারানোর পর চিকিৎসার জন্য সম্মেলন শেষ হওয়ার আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ‘চায়না ডেমোক্রেসি পার্টি’র চেয়ারম্যান ওয়ানজুন সিয়ে প্রথম এ দাবি করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে চীন বা ভারত—কোনো দেশের সরকার কিংবা নির্ভরযোগ্য কোনো কর্মকর্তা শি জিনপিংয়ের অসুস্থতার এমন খবর নিশ্চিত করেননি।
বেইজিং ও নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, শি জিনপিং ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
তবে সম্মেলনের প্রথম দিনে নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজে শি জিনপিং অংশ নেননি। তাঁর নৈশভোজে অনুপস্থিতিকে ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জল্পনা ছড়ালেও, সেটিকে অসুস্থতার প্রমাণ হিসেবে নিশ্চিত করার মতো কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর