জ্বালানি তেলের দাম আর বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং পরিস্থিতি অনুকূলে এলে আগের তুলনায় তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তেল পাচার রোধে বিকল্প পথ না থাকায় সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তেলের দামের পার্থক্য বেশি হলে পাচার ঠেকানো কঠিন হয়ে পড়ে। এ কারণেই দাম সমন্বয় করা হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হলে আবার দাম সমন্বয় করা হবে। তখন সুযোগ তৈরি হলে বর্তমান দামের চেয়েও কম দামে জ্বালানি তেল বিক্রির ব্যবস্থা করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর নতুন কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং পরিস্থিতি অনুকূলে এলে আগের তুলনায় দাম কমানোর বিষয়টি বিবেচনা করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর