বলিউডে সাহসী ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত রাধিকা আপ্তে। পর্দায় আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য প্রশংসিত হলেও ব্যক্তিজীবনে কঠিন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই এক ভীতিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাধিকা। কয়েক বছর আগে তার একটি অন্তরঙ্গ দৃশ্য অনৈতিকভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে টানা চার দিন ঘর থেকে বের হতে পারেননি অভিনেত্রী।
রাধিকার ভাষ্য অনুযায়ী, সবসময় এক ধরনের আতঙ্ক কাজ করত—এই বুঝি কেউ দরজায় বেল দিয়ে তাকে আক্রমণ করতে এসেছে। এমনকি তার স্টাইলিস্টের গাড়িচালক থেকে শুরু করে নিজের ভবনের নিরাপত্তাকর্মীরাও ওই ভিডিও দেখে ফেলেছিলেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে আপত্তিকর আলোচনাও হয়েছিল।
সে সময় মুম্বাইয়ের ফ্ল্যাটে একা থাকায় ভয় আরও বেড়ে যায় রাধিকার। শেষ পর্যন্ত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নিজের ঘনিষ্ঠ টিম সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নেন তিনি।
রাধিকা জানান, নিজের গাড়িচালক ও স্পট বয়কে ডেকে তিনি স্পষ্ট করে বলেছিলেন—ভিডিওটি দেখার পরও যদি তারা মনে করেন তাকে নিরাপত্তা দিতে পারবেন এবং তার পাশে থাকতে পারবেন, তাহলে যেন কাজ চালিয়ে যান। অন্যথায় তারা চাইলে চলে যেতে পারেন।
তবে তার আশঙ্কা সত্যি হয়নি। দুজনেই তাকে আশ্বস্ত করে জানান, তারা সবসময় তার পাশে থাকবেন এবং খেয়াল রাখবেন। যদিও পরবর্তী সময়ে ওই ঘটনার কারণে এতটা ভয় পেয়ে যাওয়ার জন্য নিজের ওপরই একধরনের লজ্জা বোধ করেছিলেন বলে জানান অভিনেত্রী।
শুধু ওই ঘটনা নয়, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণেও একটি স্বপ্নের প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রাধিকা। পরিবারের সদস্যদের কোনো ঝুঁকির মধ্যে ফেলতে চাননি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
অতীতের সেই কঠিন সময় পেরিয়ে বর্তমানে ব্যক্তিজীবনে অনেকটাই স্থির রাধিকা আপ্তে। ২০২৪ সালের ডিসেম্বরে ব্রিটিশ মিউজিশিয়ান স্বামী বেনেডিক্ট টেইলরের সঙ্গে প্রথম কন্যাসন্তানকে স্বাগত জানান এই অভিনেত্রী।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর