• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ সকাল

আট বাস ও ট্রেনে আগুন, ব্যাংক-বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা

ছবি: সংগৃহীত

শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত দেশজুড়ে বাস, ট্রেন, ব্যাংক কার্যালয়, বিদ্যুৎ উপকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত আটটি বাস, একটি ট্রেন, গ্রামীণ ব্যাংকের ছয়টি কার্যালয়, একটি বিদ্যুৎ উপকেন্দ্র, জুলাই স্মৃতিস্তম্ভ, সংসদ সদস্যের বাড়ি, পুলিশ ব্যারাক, বিএনপির দলীয় কার্যালয় ও তিনটি দোকানে আগুন ও হামলার খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় ঢাকার সাভার ও আশুলিয়ায় নাশকতার সরঞ্জামসহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ১০টি ককটেল, দুটি হাতবোমা, দুটি বোমাসদৃশ বস্তু ও চারটি অবিস্ফোরিত পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।

সাভার ও আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় অভিযান চালিয়ে প্রথমে ছয়জনকে গ্রেফতার করা হয়। পরে হেমায়েতপুর থেকে আরও তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে পেট্রোল, মশাল, ব্যানারসহ নাশকতায় ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও ভাষানটেকসহ বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ এবং মগবাজার, কুর্মিটোলা ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া ও রংপুরেও বাসে আগুন দেওয়া হয়। চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুনে দুটি আসন পুড়ে যায়।

রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি উপকেন্দ্রে পরপর দুই রাতে হামলা চালানো হয়। দ্বিতীয় রাতে পেট্রোলবোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

সিলেটে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ এবং কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়। চট্টগ্রামের মীরসরাইয়েও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়। ভোলার লালমোহনে ওয়ার্ড বিএনপির কার্যালয় ও পাশের একটি দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে।

এ ছাড়া নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ফরিদপুরে পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং মেহেরপুরে বিএনপির দুই কর্মীর বাড়ির গেটে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

নওগাঁর রাণীনগরে ১০টি ককটেল, বরিশালের আগৈলঝাড়ায় দুটি হাতবোমা এবং জামালপুরের সরিষাবাড়ীতে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]