• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ রাত

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন বিএনপিদলীয় নেতাকর্মীদের উদ্দেশে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, নিজেদের মধ্যে ক্ষমতা ও সুযোগ পাওয়ার প্রতিযোগিতা শুরু হলে এর নেতিবাচক প্রভাব পড়বে।

ফজলুর রহমান বলেন, ‘আমরা নিজেরা যদি এটা পাওয়ার জন্য, ওটা পাওয়ার জন্য—এটা আমি চাই, ওটা তুমি চাও—এভাবে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করি, তাহলে আমরা কেউই টিকতে পারব না। জনগণ আমাদের বিদায় করে দেবে। হাসিনাও যেমন ছিল, এখন যদি তোমরাও একই কাজ করো, তাহলে জনগণ তোমাদেরও বিদায় করে দেবে।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই দেশ তখনই উন্নত হবে, তখনই ভালো হবে, যখন আমরা নেতারা ভালো হবো। নেতারা যদি সবকিছু নিজেদের জন্য চান, তাহলে জনগণ কিছুই পাবে না। আমি আশা করি, আমার নেতারা ভালো। এখনো পর্যন্ত আমার নেতারা ভালো আছেন। তবে আরও ভালো হতে হবে। আমাকে আরও ভালো হওয়ার সুযোগ দিন।’

নিজের বয়স ও ভবিষ্যৎ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ‘খুব পরিষ্কার কথা, আমার জীবনে আর কতদিন আছে, আমি জানি না। নয় দিন পর আমার বয়স ৭৯ বছর হবে। আল্লাহ আমাকে আর কতদিন রাখবেন, সেটাও জানি না। তবে আমার বাকি জীবনটা আমি মানুষের জন্য দিয়ে যেতে চাই।’

প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেন, ‘আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার কাছে টাকা-পয়সা, সাদা কাগজ—এসব কোনো বিষয় নয়। আমি চাই, কিছু নেতা এমন হোক। সবাইকে হতে হবে, তা বলছি না। শুধু টাকা-পয়সা দিয়ে দেশ চালানো যায় না। প্রশাসনও একা আমাদের সব কাজ করে দিতে পারবে না।’

বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অবর্ণনীয় দুর্ভোগ-ভোগান্তি এবং জেল-জুলুমের কথা তুলে ধরে ফজলুর রহমান বলেন, ‘তোমরা ১৬ বছর অত্যাচার-নির্যাতন সহ্য করেছ, জেলে জেলে জীবন কাটিয়েছ। শেখ হাসিনার ১৬ বছরের শাসনেও তোমরা মিছিল করেছ। তোমাদের সেই মিছিলে এসে, তোমাদের দাওয়াতে আমার মতো একজন মানুষকেও মার খেতে হয়েছে। এত কষ্ট যখন করেছ, আরও কিছুদিন কষ্ট করো। আগে দেশটাকে আমরা সবাই মিলে উন্নত করি।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চেয়ে আমরা ভালো কাজ করি, ভালো নেতৃত্ব দিই এবং দেশের উন্নয়ন আরও বেশি করি—এটা যদি আমরা মানুষকে দেখাতে পারি, তাহলেই মানুষ আমাদের মাথার উপরে রাখবে।’

গণসমাবেশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, কাস্তুল ইউনিয়ন এবং অষ্টগ্রাম উপজেলার স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]