প্রতি বছরের ন্যায় এবারও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। গত ১৯ আগস্ট বিজয়-২৪ হলের সম্মুখের মাঠে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিন অংশগ্রহণ করে।
গ্রুপ পর্বের খেলা শেষে গত ৭ ও ৯ সেপ্টেম্বর যথাক্রমে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরই ধারাবাহিকতায় ৭ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন ও বাংলা ডিসিপ্লিনের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্ধারিত সময়ে উভয় দলই মাঠে উপস্থিত ছিল। তবে শারীরিক শিক্ষা চর্চা বিভাগ থেকে উভয়দলের নিকট আবহাওয়াজনিত পরিস্থিতি ও মাঠের খেলার উপযোগিতা নিয়ে মতামত জানতে চাইলে বাংলা ডিসিপ্লিনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। ফলে নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু হয়নি।
শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর বিধি ৭, ৮ ও ২৬-এ যথাক্রমে নির্ধারিত সময়ে মাঠে উপস্থিতি ও প্রয়োজনীয় দলীয় আনুষ্ঠানিকতা, নির্ধারিত সময়ে কোনো দল মাঠে উপস্থিত না হলে ওয়াকওভারের বিধান এবং ম্যাচ শুরু করার জন্য একটি দলে ন্যূনতম সাতজন খেলোয়াড় উপস্থিত থাকার বিষয়টি উল্লেখ রয়েছে।
ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন দলের অধিনায়ক রুবেল আহমেদ জানান,''ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনালে ওঠে। ৭ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে ম্যাচ খেলতে ব্যবসায় প্রশাসন মাঠে উপস্থিত থাকলেও বৃষ্টির কারণে মাঠে পানি জমে যায় এবং বাংলা ডিসিপ্লিন ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করায় ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। ব্যবসায় প্রশাসনের দাবি, ম্যাচ পুনঃনির্ধারণের বিষয়ে আগে কোনো আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়নি এবং টুর্নামেন্টের আচরণবিধি অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্তও নেওয়া হয়নি। তাই তারা বিষয়টি পর্যালোচনা করে নিয়ম ও আচরণবিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং দ্রুত টুর্নামেন্টের গ্রহণযোগ্য সমাপ্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।''
বাংলা ডিসিপ্লিন দলের অধিনায়ক বলেন, ''আমি একজন খেলাপ্রেমী মানুষ হিসেবে বলতে চাই যে,সকল পক্ষ বা সকল দলের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে টুর্নামেন্টটি পুনরায় সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হোক। এ বিষয়ে প্রশাসনের বিচক্ষণতা, নিরপেক্ষতা ও যথাযথ যাচাই বাছাইয়ের প্রতি আমরা আস্থাশীল ,ধন্যবাদ।''
শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক জনাব এস এম জাকির হোসেন বলেন,''টুর্নামেন্টের বিষয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করছে। সেমিফাইনালের দিনে বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী ছিল। ম্যাচ কমিশনার খেলা স্থগিতের নির্দেশ দিলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ( জনাব মোঃ মঈনুল ইসলাম ) তা মাঠে সাথে সাথে ঘোষণা না করে পানি সরানোর চেষ্টা করতে গিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করেন। এই বিলম্বের সুযোগে মাঠের পরিস্থিতি কিছুটা উন্নতি হলে এক দল খেলতে চায় এবং অন্য দল খেলতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে চার দলের প্রতিনিধি ও প্রশাসনের সভায় এক দল অপর দলকে না খেলার জন্য দোষারোপ করায় দ্বন্দ্ব আরও বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন চার দলের মধ্যে সমঝোতা এনে টুর্নামেন্টটি পুনরায় চালু ও সম্পন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।''
এই বিষয়ে রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বলেন,''চারটি দলের দুটি সেমিফাইনাল ম্যাচ আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ ও দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এফএমআরটি ডিসিপ্লিন ট্যুরে থাকায় ম্যাচ আয়োজনের তারিখ নির্ধারণে কিছুটা বিলম্ব হচ্ছে।''
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর