এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে মালয়েশিয়া।
আজ নিশিনে মালয়েশিয়া ও ওমানের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। এতে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মালয়েশিয়া।
এই গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে হংকং। তাদের সংগ্রহ ২ পয়েন্ট। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ওমান। কোয়ার্টার ফাইনালে হংকংয়ের প্রতিপক্ষ পাকিস্তান।
‘এ’ গ্রুপেও বৃষ্টির প্রভাব পড়েছে। নেপাল ও জাপানের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল। স্বাগতিক জাপানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। এই গ্রুপের রানার্সআপ আফগানিস্তানও শেষ আটে জায়গা করে নিয়েছে।
কোয়ার্টার ফাইনালে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল।
আগামী সোমবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও হংকং। একই দিন সকাল ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত।
বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ মঙ্গলবার সকাল ১১টায়। একই দিন সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর