বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই জাতীয় দলের জার্সিতে আবারও নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দিলেন আর্লিং হালান্ড। তার জোড়া গোলের ওপর ভর করে রোমাঞ্চকর ম্যাচে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়েছে নরওয়ে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উলেভাল স্তাদিওনে মুখোমুখি হয় দুই দল। ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। বল দখল ছিল প্রায় সমান এবং গোলমুখে দুই দলই ৭টি করে শট নেয়।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। ১৪তম মিনিটে অস্কার ববের কোনাকুনি শটে এগিয়ে যায় স্বাগতিকরা। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। ডি-বক্সে সতীর্থের থ্রু পাস পেয়ে কঠিন কোণ থেকে প্রথম স্পর্শেই জোরালো শটে বল জালে পাঠান তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডেনমার্ক। ২৫তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান কমান মিকেল ড্যামসগার্ড।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ডেনমার্ক। ৬০তম মিনিটে কাছ থেকে নিখুঁত শটে গোল করে স্কোর ২-২ করেন রাসমুস হয়লুন্ড। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে।
শেষ পর্যন্ত ৭৪তম মিনিটে আবারও নরওয়ের ত্রাতা হয়ে ওঠেন হালান্ড। বক্সের ভেতর বল পেয়ে প্রথম স্পর্শেই দুর্দান্ত গতির শটে ডেনমার্কের জাল কাঁপান তিনি। তার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে এবং শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে।
বিশ্বকাপে টানা চার ম্যাচে গোল করার পর জাতীয় দলের হয়েও গোলের ধারা অব্যাহত রাখলেন ম্যানচেস্টার সিটি তারকা। নরওয়ের হয়ে ৫৬ ম্যাচে হালান্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬৪টি।
যোগ করা সময়ে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নরওয়ের ডেভিড মোলার ওল্ফ। তবে একজন কম নিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে কোনো সমস্যা হয়নি স্বাগতিকদের।
কুশল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর