দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ও গুজব প্রতিরোধে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী এবং বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিলের (বিজেসি) পর্যালোচনা ও প্রস্তাবনা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া রোধেও কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি।
তিনি বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনও চূড়ান্তভাবে পাস হয়নি। ফলে আইনটিতে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। প্রস্তাবিত আইন নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করা যেতে পারে।
অনলাইনভিত্তিক সাংবাদিকতার নতুন নতুন ধরন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট মনিটাইজেশন ব্যবস্থাকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতার পরিধি ও ধরন পরিবর্তিত হওয়ায় এসব বিষয়কে একটি সুস্পষ্ট নীতিমালার কাঠামোর মধ্যে আনা প্রয়োজন বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গুজব, মিথ্যাচার বা অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে সবার জন্য একই আইনি কাঠামো প্রযোজ্য হওয়া উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে অভিন্ন কাঠামোর আওতায় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বিজেসির পর্যালোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর