ভেজাল বা অবৈধ মদ পান করে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। ভারতের নাগাল্যান্ডে এ ঘটনায় মদ সরবরাহের উৎস ও চক্র শনাক্ত করতে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে, মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। সন্দেহভাজন অবৈধ মদ পান করার পরই এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মোককচুংয়ের সিনিয়র পুলিশ সুপার ভেসুপ্রা কেজো শনিবার জানান, অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংকে প্রধান করে এসআইটি গঠন করা হয়েছে। দলটি মৃত্যুর কারণ অনুসন্ধানের পাশাপাশি সন্দেহভাজন ভেজাল মদের উৎস ও সরবরাহব্যবস্থা খুঁজে বের করবে।
মদের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। পরীক্ষার মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, তদন্তে কিছু তথ্য পাওয়া গেলেও এখনই তা প্রকাশ করার মতো পর্যায়ে পৌঁছায়নি।
ঘটনার পর পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়।
উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে নাগাল্যান্ডে মদ নিষিদ্ধের আইন কার্যকর রয়েছে। এরপরও রাজ্যটিতে অবৈধ মদের সরবরাহ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে।
পুলিশ নাগরিকদের অজ্ঞাত, লেবেলবিহীন বা সন্দেহজনক মদ পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মদ পান করার পর মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা অচেতন হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর