খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলাকে পেছনে ফেলে পুরুষ ও নারী- উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দীঘিনালা থানা।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদ সদস্য এম এন আবছার এবং প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাধারণ জনগণের মাঝে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই ক্রীড়ামোদী দর্শক ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পুরো মাঠজুড়ে বিরাজ করছিল দারুণ উৎসব মুখর পরিবেশ। জেলার বিভিন্ন বয়সের ও শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে খেলোয়াড়দের চমৎকার ক্রীড়ানৈপুণ্য উপভোগ করেন এবং করতালির মাধ্যমে উৎসাহ যোগান।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া। মোট ৪টি দলকে তাদের অসামান্য নৈপুণ্যের জন্য পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এমন ইতিবাচক সামাজিক ও ক্রীড়া উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যুবসমাজকে এগিয়ে নিতে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর