“সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন” প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ ও ফার্মেসী অনুষদ দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করে।
এ উপলক্ষ্যে ফার্মেসী লেকচার থিয়েটারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শায়লা কবীর, ইমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিমুল হালদার, অ্যারিস্টোফার্মা লিমিটেড-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস-এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন, ফার্মারো বাংলাদেশের সভাপতি মো. জামাল উদ্দিন এবং ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি) মাহবুবুল ইসলাম বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দেশের ওষুধ শিল্পের বিকাশ, আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানসম্মত ওষুধ তৈরির লক্ষ্যে ফার্মেসী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌছে দিতে ইন্ডাস্ট্রির সহযোগিতা প্রয়োজন।
বিশ্ব বাজারে বাংলাদেশের ওষুধের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশে ওষুধ রপ্তানি বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর