অবরুদ্ধ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। রোববার এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে পরিচালিত একটি অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, জব্দ করা ড্রোনটি ‘রেমুস ৬০০’ মডেলের একটি স্বয়ংক্রিয় পানির নিচের যান (আন্ডারওয়াটার ভেহিকেল)। হরমুজ প্রণালিতে নজরদারির কাজে মার্কিন বাহিনী এটি ব্যবহার করছিল বলে দাবি করেছে ইরান। ড্রোনটিতে থাকা গোয়েন্দা তথ্য উদ্ধারের চেষ্টা চলছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে চলতি সেপ্টেম্বরের শুরুতেও হরমুজ প্রণালি থেকে একটি সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছিল আইআরজিসি।
পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করেছে ইরান।
সূত্র: এএফপি
কুশল/সাএ
সর্বশেষ খবর