"জীবনকে গড়ে তুলতে হলে নিজেকে চোখ মেলে স্বপ্ন দেখতে হবে। যে স্বপ্ন হবে দেশের জন্য এবং দশের জন্য। যে স্বপ্ন নিজেকে যেমন সমৃদ্ধ করবে, ঠিক তেমনি সমাজের তরুণদেরও সমৃদ্ধ করে গড়ে তুলবে। একা ভালো থাকা যেমন সুখের নয়, তেমনি সমাজের প্রতিটি মানুষকে সাথে নিয়ে ভালো থাকাটাই আসল সুখ। তাই বর্তমান প্রজন্মের জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।"
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং ‘সংগ্রাম’ কর্তৃক বাস্তবায়িত ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (RAISE)’ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভায় ১৬টি ট্রেডে শিক্ষানবিশ নির্বাচনের লক্ষ্যে আগত তরুণ-তরুণীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে পিকেএসএফ-এর রেইস প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী এস এম খালেদ মাহফুজ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। তাই তরুণ উদ্যোক্তা সৃষ্টি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা সম্ভব।"
সংগ্রাম প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত এই আউটরিচ সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের অন্যতম এনজিও ‘সংগ্রাম’-এর নির্বাহী পরিচালক চৌধুরী মুনীর হোসেন। প্রকল্প কো-অর্ডিনেটর মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুম, কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ এস এম সুলতান মাহমুদ এবং যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনার উপপরিচালক মো. জাকির হোসেন প্রমুখ।
এ সময় বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তরুণ-তরুণীরা ট্রেড পরীক্ষায় অংশগ্রহণ করেন। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষানবিশ উদ্যোক্তা নির্বাচন করা হবে। ছয় মাসের প্রশিক্ষণ শেষে তাদের শিক্ষাবৃত্তি প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে, যা তাদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর