জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর কাছ থেকে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। স্থানীয় নির্বাচনে জামায়াত এনসিপিকে আর অর্থ দেবে না—এমন কথাও শোনা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁন দাবি করেন, জামায়াতের কাছ থেকে নেওয়া ওই অর্থ পরিশোধের জন্যই এনসিপিকে এখন ‘গণভিক্ষা কর্মসূচি’ চালু করতে হচ্ছে এবং জামায়াতের পক্ষে মাঠে নামতে হচ্ছে। তাঁর ভাষ্য, স্থানীয় নির্বাচনে জামায়াত এনসিপিকে আর অর্থ দেবে না বলে শোনা যাচ্ছে।
এনসিপির অর্থ সংগ্রহ নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, অতীতে বন্যার টাকা আত্মসাতের অভিযোগের কারণে দীর্ঘদিন গণভিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও স্থানীয় নির্বাচনের তহবিল সংগ্রহে আবারও ওয়েবসাইটের মাধ্যমে এ কার্যক্রম জোরদার করা হতে পারে।
রাশেদ খাঁন আরও বলেন, এনসিপি যদি এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেয়, তাহলে তাদের গণভিক্ষা তহবিলে তিনি নিজে এক লাখ টাকা অনুদান সংগ্রহ করে দেবেন।
পোস্টে এনসিপির নেতাদের নিয়েও বিভিন্ন অভিযোগ তোলেন তিনি। রুমিন ফারহানার বক্তব্যের প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির নেতাদের বিরুদ্ধে গত ১৮ মাসে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদ গড়ার অভিযোগ করেন রাশেদ খাঁন। পাশাপাশি এনসিপির নেতাদের আলিশান কার্যালয় ও ফ্ল্যাট ভাড়া এবং জীবনযাপন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এসব অভিযোগের পক্ষে পোস্টে কোনো নথি বা নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
বিএনপির আন্দোলনের প্রসঙ্গও টেনে রাশেদ খাঁন বলেন, বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর আন্দোলন করলেও এনসিপির বর্তমান নেতাদের সে সময়ের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে নাহিদ ইসলামসহ এনসিপির নেতাদের ওপর জনগণের আস্থা থাকলে তারা কেন ক্ষমতায় আসতে পারেননি—এমন প্রশ্নও তোলেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, বিএনপি এনসিপিকে জাতীয় পার্টির মতো বিরোধী দল হিসেবে দেখতে রাজি না হওয়ায় এনসিপি জামায়াতের সঙ্গে জোট করেছে। এতে জামায়াত লাভবান হয়েছে বলেও দাবি করেন তিনি।
সবশেষে এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘নতুন বন্দোবস্তের ঠিকাদার’ এনসিপি ক্ষমতার জন্য অল্প বয়সেই ‘ধার্মিকাজবাজ’ দলে পরিণত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আরও কয়েক বছর ক্ষমতায় থাকলে এনসিপির নেতারা দুর্নীতি ও অর্থ পাচারে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেতেন বলেও মন্তব্য করেন তিনি। এসবই রাশেদ খাঁনের রাজনৈতিক বক্তব্য ও অভিযোগ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর