শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী কমিটির এক নেতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে হামলাকারী ও স্থানীয়দের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে উপজেলার কাকরকান্দি বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার কাকরকান্দি বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাকরকান্দি বাজারের বিশগিরিপাড়া এলাকার মাদকবিরোধী কমিটির সদস্য আব্দুর রাজ্জাকের ওপর চিহ্নিত মাদক কারবারি সাদেক আলীর বাবা আমিনুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি হামলা চালায়। এই খবর ছড়িয়ে পড়লে মাদকবিরোধী কমিটির সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ ঘটনায় কাকরকান্দি বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে ওই বাজারের ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমিনুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে ওই বাজারের পরিস্থিতি শান্ত রয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর