‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’-এর জন্য যোগ্য ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার মনোনয়ন প্রস্তাব পাঠাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এসব মনোনয়ন পাঠাতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার’ ১৩টি ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। ক্ষেত্রগুলো হলো—স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লি উন্নয়ন, সমাজসেবা বা জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার নির্ধারিত অন্য কোনো ক্ষেত্র।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
মন্ত্রিপরিষদ বিভাগের ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণ করে নির্ধারিত ছকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং এর অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরত যোগ্য ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে মনোনয়ন প্রস্তাব পাঠাতে হবে।
সংশ্লিষ্ট কাগজপত্রসহ মনোনয়ন প্রস্তাবের ৩০ সেট আগামী ১ নভেম্বরের মধ্যে সমন্বয় শাখায় জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি প্রস্তাবের হার্ডকপির সঙ্গে সফটকপিও পাঠাতে হবে।
সফটকপি Nikosh ফন্টে ই-মেইল অথবা ডি-নথির মাধ্যমে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য [email protected] ই-মেইল ঠিকানা ব্যবহার করতে বলা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর